‘শুধু রায় নয়, বাস্তবায়নও চাই’— জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে ছাত্রশিবির সভাপতি

রায়েরবাজারে শহীদদের কবর জিয়ারত শেষে নূরুল ইসলাম বলেন, ‘শুধু রায় নয়, বাস্তবায়নও দেখতে চায় জাতি’

by ABDUR RAHMAN
জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে ছাত্রশিবির সভাপতি

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করে কার্যকর করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। তার ভাষ্য, কেবল রায় ঘোষণা নয়, সেই রায়ের বাস্তবায়নও দেখতে চায় দেশের মানুষ।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই আন্দোলনের নিহতদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবিরের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নূরুল ইসলাম বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদের নিহত হওয়ার ঘটনার মধ্য দিয়ে দেশে গণহত্যার সূচনা হয়েছিল বলে তাদের সংগঠনের দাবি। তিনি অভিযোগ করেন, পরবর্তী সময়ে বহু মানুষ নিহত হন এবং তাদের মধ্যে অনেককে রায়েরবাজারসহ বিভিন্ন স্থানে দাফন করা হয়।

তিনি আরও দাবি করেন, এ ঘটনায় নিহতের সংখ্যা প্রায় ১ হাজার ৪০০-এর বেশি হলেও এখন পর্যন্ত ৮০০-এর কিছু বেশি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বর্তমান বিচার প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে ছাত্রশিবির সভাপতি বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মামলার দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশিত নয়। তার অভিযোগ, যেসব অভিযুক্ত পলাতক এবং যাদের বিরুদ্ধে রায় কার্যকর করা কঠিন, তাদের বিরুদ্ধেই কেবল রায় দেওয়া হচ্ছে। তিনি এটিকে ‘লোক-দেখানো’ বিচার বলে মন্তব্য করেন।

তিনি বলেন, ঘটনার নির্দেশদাতা ও সহযোগীদের মধ্যে যারা বর্তমানে কারাগারে রয়েছেন, তাদের বিচার দ্রুত সম্পন্ন করে কার্যকর করতে হবে। একই সঙ্গে তিনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিও জানান।

কবর জিয়ারত ও দোয়া মাহফিলে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহসহ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ