নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
বরগুনায় বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা দায়িত্বশীলদের এক সভায় সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, গণভোটের মাধ্যমে প্রকাশিত জনরায় অমান্য করে সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে। তিনি বলেন, জনগণের প্রত্যাশিত রাষ্ট্র সংস্কার, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা ও জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
রোববার (১৯ জুলাই) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস বরগুনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বরগুনা জেলা সভাপতি মাওলানা খায়রুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহপ্রশিক্ষণ সম্পাদক মুফতি নুর মোহাম্মদ আজিজী এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় তত্ত্বাবধায়ক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, একটি সংগঠনকে শক্তিশালী ও কার্যকর করতে নিয়মিত, পরিকল্পিত এবং ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি মজবুত করতে দায়িত্বশীলদের ঐক্য, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে মতামত দিয়েছে, তা উপেক্ষা করা হয়েছে। রাষ্ট্র সংস্কার, জবাবদিহিমূলক প্রশাসন ও জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে সরকার জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান দেশের বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দুর্নীতি ও জনদুর্ভোগে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে। জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মাওলানা জালালুদ্দীন আহমদ আরও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের ন্যায্য অধিকার, ইসলামী মূল্যবোধ এবং কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখবে।
সভায় জেলা প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল করিম, উপদেষ্টা ও বরগুনা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি গোলাম মাওলা জাহিদ, সহসভাপতি মাওলানা মোশাররফ হোসেন, সহসভাপতি মাওলানা ইউসুফ, সহসভাপতি মাওলানা জামাল উদ্দিন মাহমুদীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বর্তমানে তিন দিনের সাংগঠনিক সফরে বরিশাল বিভাগে অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে তিনি বিভাগের বিভিন্ন জেলায় দায়িত্বশীল সভা, কর্মী সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেবেন।

