অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ঝালকাঠির রাজাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। কিন্তু যারা ব্যবসায়ী বা বালুখেকোদের অর্থে রাজনীতি করে সংসদে যান, তারা জনগণের নয়, অর্থদাতাদের স্বার্থের পক্ষেই অবস্থান নেন।
রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলার বাইপাস মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে পদযাত্রাটি রাজাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনের আগে এনসিপি জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে নির্বাচিত হলে সংসদে গিয়ে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করবে। সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন হয়েছে, তার মূল্যায়ন জনগণই করবেন। তিনি বলেন, গত পাঁচ মাসে সংসদে তাদের প্রতিনিধিরা কোনো চাপ বা ভয়কে উপেক্ষা করে মিডিয়া মাফিয়া, ভোট কারচুপি, ভূমিদস্যুতা, ব্যাংক লুট এবং দুর্নীতির বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিকভাবে কথা বলেছেন।
তিনি আরও বলেন, টাকা দিয়ে ভোট কেনা বা প্রভাব খাটিয়ে নির্বাচিত হওয়া ব্যক্তিরা জনগণের প্রকৃত সেবা করতে পারেন না। কারণ তাদের জবাবদিহি জনগণের কাছে নয়, যারা তাদের নির্বাচনে অর্থায়ন করে তাদের কাছে।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, ২০২৪ সালের আন্দোলনে শিক্ষার্থী, মাদরাসা শিক্ষার্থী, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, রিকশাচালকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন। সে সময় দেশের মানুষ নিজেরাই বিকল্প নেতৃত্বের সন্ধান করেছিলেন এবং রাজপথে ‘তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প’ স্লোগান ধ্বনিত হয়েছিল। তিনি বলেন, সরকার বা অন্য কারও অপেক্ষা না করেই জনগণ ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘদিনের ফ্যাসিবাদকে সরিয়ে দিয়েছিল। দেশের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নেও একইভাবে সবাইকে দায়িত্ব নিতে হবে।
তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, শুধু সমস্যা চিহ্নিত করলেই হবে না, সমাধানের উদ্যোগও নিজেদের নিতে হবে। দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সংসদে নিজেদের ভূমিকার বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের বৈধতার উৎস জনগণ। তাই কোনো রক্তচক্ষুকে ভয় না পেয়ে আমরা সংসদে জনগণের পক্ষে কথা বলে যাচ্ছি।”
এ সময় তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিনকে রাজাপুর উপজেলা চেয়ারম্যান পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা দেন। তিনি ভোটারদের স্বাধীনভাবে নিজেদের বিবেচনায় ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য মো. আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, কেন্দ্রীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রশক্তির সভাপতি মো. জাহিদুল ইসলাম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন এবং রাজাপুর উপজেলা এনসিপির সভাপতি শাহরিয়ার শাকিলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
আর/

