নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক বলেছেন, জনগণের আস্থা অর্জন করতে হলে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা এবং গণমুখী উদ্যোগ আরও জোরদার করতে হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা ও মহানগর শাখার দায়িত্বশীলদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
মামুনুল হক বলেন, ইসলামী রাজনীতিকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হলে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়াতে হবে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ইসলামী আদর্শের মানবিক মূল্যবোধ বাস্তবে তুলে ধরারও আহ্বান জানান তিনি।
চট্টগ্রামে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা আলী উসমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং নির্বাহী সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনিরসহ দলের অন্যান্য দায়িত্বশীল নেতারা।
এর আগে একই দিন সকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে চট্টগ্রামের বাবুনগর মাদরাসায় অনুষ্ঠিত এক বৈঠকে অংশ নেন মাওলানা মামুনুল হক। পরে সেখান থেকে ফেরার পথে তিনি হাটহাজারী উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন।
আর/

