দপ্তর বণ্টন শেষ: ৮ উপদেষ্টার দায়িত্বে বড় রদবদল

by ABDUR RAHMAN

মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর আটজন উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করেছে সরকার।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

মন্ত্রী পদমর্যাদার পাঁচ উপদেষ্টার মধ্যে তিনজনকে রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন— মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবির রিজভী আহমেদ।

এ ছাড়া মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে রাশেদ আল মাহমুদ তিতুমীর অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রতিমন্ত্রী পদমর্যাদার তিন উপদেষ্টাকেও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম পেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। মাহদী আমিন শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। আর রেহান আসিফ আসাদ দায়িত্ব পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সরকার গঠন করে। ৫০ সদস্যের মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী।

দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। এর মাধ্যমে প্রায় ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করলো বিএনপি।

উল্লেখ্য, একই দিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় মোট ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হুমায়ুন কবির এবং ডা. জাহেদুর রহমান এখনো কোনো দপ্তর পাননি।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ