অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি হাফেজদের সংবর্ধনায় উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বইটি ফেরত নেওয়া হয়েছে। সরকারপ্রধানের সরাসরি নির্দেশে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বিজয়ী হাফেজদের কাছ থেকে নিজ দপ্তরে বইটি ফেরত নেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বই ফেরত নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে বিজয়ী হাফেজদের প্রদান করা ‘নেক্সাস’ বইটি সংগৃহীত ও ফেরত নেওয়া হয়েছে।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করা বিজয়ী হাফেজদের হাতে নানা উপহারের সাথে ‘নেক্সাস’ বইটি তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বই ফেরতের তথ্য জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরপরই বইটি ফেরত নেওয়ার ব্যবস্থা করা হয়। তিনি আরও জানান, সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী হাফেজদের আন্তর্জাতিক সফর ও সরকারি সহায়তাসহ যেসকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়নে সরকারের কার্যক্রম বর্তমানে অব্যাহত রয়েছে।
আর/

