নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
কওমি ধারার সাত ইসলামি দলের রাজনৈতিক ঐক্য নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগরে অনুষ্ঠিত বৈঠকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ঐক্যের প্রস্তাব ও খসড়া কাঠামো নিয়ে দীর্ঘ আলোচনা শেষে বিষয়টি আরও পর্যালোচনার জন্য একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। আগামী ২২ অক্টোবর ঢাকায় কমিটির বৈঠকে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় বৈঠকটি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
বৈঠকে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের পাশাপাশি সাতটি ইসলামি দলের পাঁচজন করে মোট ৩৫ জন প্রতিনিধি অংশ নেন।
বৈঠকে সাত দলের পক্ষ থেকে দেওয়া পৃথক প্রস্তাবের খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। বিভিন্ন বিষয়ে দলগুলোর প্রস্তাবে মতপার্থক্য থাকায় দীর্ঘ সময় আলোচনা চললেও সেখান থেকে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
তবে সাতটি দলই রাজনৈতিক ঐক্যের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
তিনি জানান, বিষয়টি আরও পর্যালোচনার জন্য গঠিত লিয়াজোঁ কমিটিতে হেফাজতে ইসলামের আরও দুজন শীর্ষ নেতা এবং সাত দলের প্রত্যেকটি থেকে তিনজন করে প্রতিনিধি রাখা হয়েছে।
আগামী ২২ অক্টোবর ঢাকায় লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে আলোচনার মাধ্যমে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগারী সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বলে জানান মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
এর আগে গত ১৬ জুলাই বাবুনগর মাদরাসায় সাত ইসলামি দলের নেতাদের অংশগ্রহণে রাজনৈতিক ঐক্যপ্রক্রিয়ার আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট দলগুলোকে নিজেদের প্রস্তাব দেওয়ার সুযোগ দেওয়া হয়। এসব প্রস্তাব সমন্বয় করে একটি অভিন্ন খসড়া কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়।

