কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: পরিবারের পাশে বাংলাদেশ খেলাফত মজলিস

নিহত সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নেতাদের

by Master Fatih
নিহত অপ্রতিমের পরিবারের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

কুমিল্লার কোটবাড়িতে নৃশংস হত্যাকাণ্ডে নিহত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের পক্ষ থেকে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মাদ ফয়সলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিহত অপ্রতিমের বাবার সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় প্রতিনিধি দলের সদস্যরা শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন, গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বলেন, একটি পরিবারের প্রিয় সন্তানকে এভাবে নির্মমভাবে হারানোর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ এবং এর সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড যেন পুনরায় সংঘটিত না হয়, সে জন্য অপরাধীচক্রের বিরুদ্ধে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা রাকিবুল ইসলাম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ, প্রচার সম্পাদক মুহাম্মাদ সাইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের বাইতুল মাল সম্পাদক মাহাদি হাসান, কুমিল্লা পূর্ব জেলার সহকারী সেক্রেটারি মাওলানা জামিল আহমদ, কুমিল্লা মহানগর সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইন, মাওলানা মামুন, মাওলানা আনিসুর রহমান, মাওলানা বোরহান উদ্দীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ নিহত অপ্রতিমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

banner

এ জাতীয় আরো সংবাদ