ইরানে হামলা নিয়ে ইউরোপে ক্ষোভের ঝড়, যুদ্ধের বিরুদ্ধে জোরালো জনমত

by ABDUR RAHMAN

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলাকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সাম্প্রতিক কয়েকটি জনমত জরিপে উঠে এসেছে যে ইউরোপের প্রধান কয়েকটি দেশের অধিকাংশ নাগরিক এই সামরিক পদক্ষেপের বিরোধিতা করছেন।

স্পেন, ইতালি, জার্মানি ও যুক্তরাজ্যে পরিচালিত এসব জরিপের ফলাফল শুক্রবার প্রকাশ করা হয়। এতে দেখা যায়, এসব দেশের নাগরিকরা সরাসরি যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের সরকারকে নিরপেক্ষ থাকার বা মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছেন।

বিজ্ঞাপন
banner

স্পেনে পরিচালিত এক জরিপে দেখা গেছে, প্রায় ৬৮ শতাংশ নাগরিক ইরানে চালানো হামলার বিরোধিতা করেছেন। দেশটির অর্ধেকের বেশি মানুষ মনে করেন, স্পেন সরকারের উচিত নয় যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে কোনো ধরনের সামরিক সহায়তা দেওয়া। এমনকি স্পেনের ভূখণ্ডে থাকা সামরিক ঘাঁটি এই যুদ্ধের কাজে ব্যবহারের বিরুদ্ধেও মত দিয়েছেন অধিকাংশ স্প্যানিশ নাগরিক।

ইতালিতেও একই ধরনের চিত্র দেখা গেছে। সেখানে ৫৬ শতাংশ মানুষ এই হামলার বিপক্ষে মত দিয়েছেন। অনেকেই মনে করেন, ইতালির সরকারের উচিত কোনো পক্ষ না নিয়ে সরাসরি যুদ্ধবিরতির আহ্বান জানানো এবং সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা।

জার্মানিতে পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৫৮ শতাংশ মানুষ এই যুদ্ধকে অন্যায্য মনে করেন। পাশাপাশি গত দুই দশকের মধ্যে এই সময়েই যুক্তরাষ্ট্রের প্রতি জার্মান জনগণের আস্থা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। জরিপে অংশ নেওয়া প্রায় ৭৫ শতাংশ জার্মান নাগরিক আশঙ্কা প্রকাশ করেছেন, এই সংঘাত খুব দ্রুত পার্শ্ববর্তী দেশগুলোতে ছড়িয়ে পড়ে একটি বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। অনেকেই মনে করছেন, বর্তমান বিশ্ব রাজনীতিতে নীতি ও নৈতিকতার চেয়ে শক্তির প্রভাবই বেশি দেখা যাচ্ছে।

যুক্তরাজ্যেও এই হামলার প্রতি জনসমর্থন খুবই সীমিত। ব্রিটিশ নাগরিকদের প্রায় অর্ধেকই এই সামরিক অভিযানের বিরোধিতা করেছেন। বিশেষ করে ব্রিটিশ বিমানঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা

চালানোর বিষয়টি সাধারণ মানুষ সহজভাবে মেনে নিতে পারছেন না। এ পরিস্থিতি মোকাবিলায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভূমিকা নিয়েও ৪৭ শতাংশ নাগরিক অসন্তোষ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং দেড় শতাধিক স্কুলছাত্রীসহ সহস্রাধিক মানুষের প্রাণহানির পর থেকেই মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: আনাদোলু

banner

এ জাতীয় আরো সংবাদ