আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
ভারতের উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলায় এক মুসলিম মহিষ ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধর ও চাবুক পেটার মতো নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম আফশার আলী। বুধবার ঘটনাটির একটি ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী জানান, শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে কারারি থানার অন্তর্গত জামদুয়া এলাকায় পৌঁছে তিনি হামলার মুখে পড়েন। প্রধান অভিযুক্ত ব্যক্তি তাঁর পথ আটকে মদের খরচ হিসেবে অর্থ দাবি করেন। ‘এত আয় করো, আমাদের মদ খাওয়ার টাকা দিতে পারো না?’—এমন কথা বলেই মূল অভিযুক্ত ব্যক্তি আফশারকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন।
ভিডিওতে দেখা যায়, মাটিতে ফেলে তাকে একের পর এক চড়-ঘুষি মারা হচ্ছে। হামলাকারী তাকে ক্ষমা চাইতে বললে তিনি ক্ষমা চান, কিন্তু তাতেও ক্ষান্ত না হয়ে নির্যাতন চালিয়ে যাওয়া হয়। একপর্যায়ে স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী এগিয়ে এসে অভিযুক্তকে থামানোর চেষ্টা করেন।
আফশার আলীর দাবি, মূল হামলাকারীর সঙ্গে পরে আরও কয়েকজন যুক্ত হয়ে তাকে মারাত্মকভাবে মারধর করে এবং তাঁর সঙ্গে থাকা সাড়ে চার হাজার রুপি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর কারারি থানায় লিখিত অভিযোগ জানান আফশার আলী। তবে স্থানীয় পুলিশ প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ না নেওয়ায় তিনি কৌশাম্বির পুলিশ সুপারের (এসপি) দারস্থ হন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভিডিওটি ছড়িয়ে পড়ে আলোড়ন সৃষ্টি করলে কৌশাম্বি জেলা পুলিশ বিষয়টির সত্যতা স্বীকার করেছে। তারা জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে এবং অপরাধীদের শনাক্তে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
সূত্র: মুসলিম মিরর

