সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১.৪৯ শতাংশ বৃদ্ধি, এক বছরে ৮৩ কোটি সুইস ফ্রাঁ ছাড়াল

২০২৫ সালে রেকর্ড পরিমাণ অর্থ জমা; কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে উঠে এলো নতুন তথ্য

by ABDUR RAHMAN
সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বৃদ্ধি

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত এক বছরে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ হিসাবে ২০২৫ সালে দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ৪১.৪৯ শতাংশ বেড়েছে।

বিজ্ঞাপন
banner

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে জানায়, ২০২৫ সালে বাংলাদেশিদের মোট জমা অর্থ দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ। ২০২৪ সালে এই পরিমাণ ছিল প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ।

বর্তমান বিনিময় হার অনুযায়ী এক সুইস ফ্রাঁ ১৫২ থেকে ১৫৩ টাকার সমান। সে হিসাবে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ১২ হাজার ৬৭৮ কোটি টাকা।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালের পর ২০২৫ সালেই সুইস ব্যাংকে বাংলাদেশিদের সর্বোচ্চ আমানত রেকর্ড করা হয়েছে। এর আগে ২০২২ ও ২০২৩ সালে এই পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। ওই দুই বছরে যথাক্রমে সাড়ে ৫ কোটি ও পৌনে ২ কোটি সুইস ফ্রাঁ জমা ছিল বলে জানানো হয়।

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে জমা হয়। এর মধ্যে বাংলাদেশের অনেক ব্যাংক বৈধ চ্যানেলে সুইস ব্যাংকে অর্থ রাখে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরাও সেখানে অর্থ জমা করেন। ফলে এসব আমানতের সব অর্থ অবৈধভাবে পাচারকৃত নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসএনবির তথ্য অনুযায়ী, সুইস ব্যাংকের বিভিন্ন আন্তর্জাতিক শাখাতেও বাংলাদেশিদের আমানত থাকতে পারে, যা সামগ্রিক হিসাবের অংশ হিসেবে ধরা হয়। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক এসব অর্থ সংশ্লিষ্ট দেশের দায় হিসেবে আর্থিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত করে।

এদিকে আন্তর্জাতিক বিভিন্ন চুক্তির আওতায় সুইজারল্যান্ড এখন নির্দিষ্ট পরিস্থিতিতে বিভিন্ন দেশের সঙ্গে আর্থিক তথ্য আদান-প্রদান করে থাকে। বিশেষজ্ঞদের মতে, বৈধ ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন মাধ্যমে অর্থ স্থানান্তরের অভিযোগও রয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ