চট্টগ্রাম বিমানবন্দরে অন্তর্বাসে লুকিয়ে আনা স্বর্ণসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

শারজাহ থেকে আসা যাত্রীর কাছ থেকে প্রায় ৮২ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ; কাস্টমস, এনএসআই ও ডিজিএফআইয়ের যৌথ অভিযানে আটক

by ABDUR RAHMAN
চট্টগ্রাম বিমানবন্দরে অন্তর্বাসে লুকিয়ে আনা স্বর্ণসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বাসের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে আনা ৪২৭ গ্রাম স্বর্ণসহ তামিম আনসারি মোহাম্মদ আলী (৪২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন
banner

বিমানবন্দর সূত্র জানায়, তামিম আনসারি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার আরাবিয়ার জি-৯৫২৬ ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হলের গ্রিন চ্যানেলে তাকে তল্লাশি করা হলে অন্তর্বাসের ভেতরে ক্যাপসুল আকৃতিতে লুকিয়ে রাখা স্বর্ণ উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন বিমানবন্দর কাস্টমস ইন্টেলিজেন্সের কর্মকর্তারা। এ সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ডিজিএফআইয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তল্লাশিতে মোট ৪২৭ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ৮১ লাখ ৬৬ হাজার ৩৭৫ টাকা, যা প্রায় ৮২ লাখ টাকার সমান।

আটক তামিম আনসারি ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের বাসিন্দা। তিনি নিজেকে কাপড় ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন এবং নিয়মিত এই রুটে যাতায়াত করেন বলেও বিমানবন্দর কর্তৃপক্ষকে জানিয়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা স্বর্ণ সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। স্বর্ণ চোরাচালানের অভিযোগে আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ