পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় জ্বলল ফিলিস্তিনি গ্রাম, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার পবিত্র কোরআন

নাবলুসের সাররা গ্রামে শতাধিক ইসরায়েলি বসতি স্থাপনকারীর অগ্নিসংযোগ; আতঙ্কে ঘর ছেড়ে পালালেন বাসিন্দারা

by ABDUR RAHMAN
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় জ্বলল ফিলিস্তিনি গ্রাম

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের পশ্চিমে অবস্থিত সাররা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় একাধিক বাড়িঘর ও যানবাহনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, শুক্রবার রাতে প্রায় ২০০ জন বসতি স্থাপনকারী গ্রামটিতে ঢুকে পরিকল্পিতভাবে এই হামলা চালায়। এতে বহু পরিবারের দীর্ঘদিনের গড়ে তোলা বসতভিটা ও সম্পদ আগুনে পুড়ে যায়।

বিজ্ঞাপন
banner

হামলার পর পুরো গ্রাম ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কে নারী, শিশু ও বৃদ্ধসহ অনেক বাসিন্দা রাতের আঁধারেই ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরে আগুন নিয়ন্ত্রণে এলে তারা ফিরে এসে ধ্বংসস্তূপের ভেতর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করেন।

সবচেয়ে আবেগঘন দৃশ্য ছিল পোড়া ঘরের ধ্বংসাবশেষ থেকে পবিত্র কোরআনের কপি উদ্ধার। স্থানীয় বাসিন্দারা আগুনে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর ভেতর থেকে কোরআন উদ্ধার করেন। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলাকারীরা গ্রামের প্রান্তিক এলাকায় প্রবেশ করে ধারাবাহিকভাবে বাড়িঘর ও যানবাহনে আগুন ধরিয়ে দেয়। হামলার পর পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করে।

এ হামলার কয়েক ঘণ্টা আগেই নাবলুসের পাশের তাল গ্রামে সংঘর্ষ ও বন্দুক হামলায় চার ফিলিস্তিনি নিহত হওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। একই ঘটনায় দুই ইসরায়েলিও নিহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। এরপর নাবলুস ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে ইসরায়েলি বাহিনী। বিভিন্ন সড়কে চেকপোস্ট বসানো হয় এবং পরবর্তীতে এলাকায় সামরিক অভিযান পরিচালনা করা হয়।

সম্প্রতি পশ্চিম তীরে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে বসতি স্থাপনকারীদের হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনায় বহু ফিলিস্তিনি নিহত বা আহত হওয়ার পাশাপাশি শত শত পরিবার বাস্তুচ্যুত হয়েছে। চলমান সংঘাতের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করছে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।

সূত্র: রয়টার্স

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ