অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এলাকায় সংঘর্ষের জেরে ঢাকার ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন আহতদের ওপর হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মাহমুদা মিতু।
মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, সাম্প্রতিক এই ঘটনার দৃশ্য তাকে ২০২৪ সালের জুলাইয়ের একটি ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে।
পোস্টে ডা. মাহমুদা মিতু লেখেন, “স্পষ্ট মনে আছে, ২৪-এর জুলাইয়ে ঠিক এইভাবে ন্যাশনাল মেডিক্যালে ঢুকে ছাত্রলীগ হামলা করেছিল। ধ্বংস হোক নব্য ফেরাউনের দুই হাত।”
এর আগে মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন ছাত্রশিবির ও ছাত্রশক্তির কয়েকজন নেতার ওপর হামলা করে যুবদল ও ছাত্রদলের মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলার আগে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা যৌথ মিছিল নিয়ে হাসপাতালের সামনে অবস্থান নেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, এ ঘটনার সূত্রপাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির মধ্যে সংঘর্ষের পর। সংঘর্ষে আহত কয়েকজনকে চিকিৎসার জন্য ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হলে সেখানে নতুন করে উত্তেজনা ও হামলার ঘটনা ঘটে।
আর/

