অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
নিজ নির্বাচনী এলাকায় তীব্র বিদ্যুৎ সংকট নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালা। তিনি বলেন, লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে পড়ছেন এবং এর চাপ জনপ্রতিনিধিদের ওপরও পড়ছে।
সোমবার (২২ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বিদ্যুৎ পরিস্থিতির দ্রুত সমাধান না হলে এলাকায় জনপ্রতিনিধিদের জন্য জনগণের মুখোমুখি হওয়া কঠিন হয়ে যাবে।
তিনি আরও জানান, বিদ্যুৎ সংকটের কারণে গভীর রাতেও সাধারণ মানুষ ফোন করে ক্ষোভ প্রকাশ করছে এবং অনেক সময় তারা মনে করেন এ পরিস্থিতির জন্য স্থানীয় সংসদ সদস্যরাই দায়ী। বিদ্যুৎমন্ত্রীর সংসদে অনুপস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরাসরি আলোচনা হলে মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরা সহজ হতো।
এমপি হানজালা স্পিকারের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান করতে হবে, অন্যথায় জনগণের অসন্তোষ আরও বাড়বে।
একই আলোচনায় তিনি পাঠ্যপুস্তক নিয়েও সমালোচনা করেন। তার অভিযোগ, গত ১৭ বছরে পাঠ্যবই থেকে হাজি শরীয়তউল্লাহ, শাহজালাল, শাহ পরান ও তিতুমীরসহ ঐতিহাসিক ব্যক্তিত্বদের অবদান অনেক ক্ষেত্রে উপেক্ষা করা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে। তিনি এসব ইতিহাস পুনরায় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
প্রবাসীদের সমস্যা নিয়েও সংসদে কথা বলেন তিনি। তিনি বলেন, রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বিমানবন্দরে তারা নানা ধরনের হয়রানির শিকার হন। পাশাপাশি পাসপোর্ট জটিলতা এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না পাওয়ার সমস্যার কথাও তুলে ধরেন তিনি।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, প্রস্তাবিত বাজেট একটি ভালো উদ্যোগ হলেও এর সঠিক বাস্তবায়ন এবং দুর্নীতি রোধে কঠোর নজরদারি প্রয়োজন।
আর/

