নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের সঙ্গে সম্পর্কিত যেকোনো বিষয়ে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। সম্প্রতি পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর বিল’ নিয়ে ধর্মীয় আলেম-উলামা ও সর্বসাধারণের মধ্যে দেখা দেওয়া গভীর উদ্বেগ নিরসনে অবিলম্বে ওলামায়ে কেরামের সঙ্গে আলোচনা করে আইনটি দ্রুত সংশোধনের দাবি জানিয়েছেন তিনি। অন্যথায় এই ইস্যুকে কেন্দ্র করে দেশজুড়ে অসন্তোষ ও অপ্রীতিকর পরিবেশ তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকটি পরিচালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
মাওলানা মামুনুল হক বলেন, নীতিনির্ধারণী পর্যায় থেকে কার পরামর্শে জনগণের বিশ্বাসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা বোধগম্য নয়। আলেমদের সঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমেই এ আইনের প্রয়োজনীয় পরিবর্তন আনা প্রয়োজন।
আওয়ামী ফ্যাসিবাদী শাসনের পতনের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, একটি স্থিতিশীল ও গণমুখী রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে বিভিন্ন দাবি সত্ত্বেও তারা এতদিন সরকারকে সমর্থন ও সহযোগিতা দিয়ে এসেছেন। কিন্তু স্বল্প সময়ের ব্যবধানে তেল-গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট, নিত্যপণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধি এবং প্রশাসনিক দুর্নীতি জনমনে চরম ক্ষোভের জন্ম দিয়েছে। এমন সংবেদনশীল সময়ে বিতর্কিত আইন প্রণয়নের উদ্যোগকে তিনি ‘হতাশাজনক ও আত্মঘাতী’ বলে আখ্যা দেন।
দুর্নীতি ও দলীয়করণ প্রসঙ্গে তিনি বলেন, প্রসাশনের প্রতিটি স্তরে রাজনৈতিক স্বজনপ্রীতি ও অনিয়ম কঠোরভাবে বন্ধ করতে না পারলে গণঅভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র সংস্কারের সুফল জনগণ পাবে না। পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি ঘটলে তা সরকারকে নতুন করে গণআন্দোলনের মুখোমুখি দাঁড় করাতে পারে।
বৈঠকে অন্যান্য কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নায়েবে আমীর মুফতি সাঈদ নূর, মাওলানা মাহবুবুল হক, মাওলানা কুরবান আলী; যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি শরাফত হোসাইন; সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা নেয়ামতুল্লাহসহ নির্বাহী পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ।

