অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
মদিনা মুনাওয়ারা শাখার উদ্যোগে স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। গত ২০ সেপ্টেম্বর রোববার অনুষ্ঠিত এ আয়োজনে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য, ইসলামি আদর্শ, দাওয়াতি কার্যক্রম ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণ মজলিসে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস মদিনা মুনাওয়ারা শাখার সভাপতি মাওলানা শাকের আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন শাখার সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত মিতুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফজলুর রহমান বলেন, সংগঠনের প্রত্যেক দায়িত্বশীল ও কর্মীকে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য, নিয়মিত কার্যক্রম, ইসলামি আদর্শ ও দাওয়াতি কর্মসূচি সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে হবে। একই সঙ্গে নিজেদের আমল-আখলাক ও সাংগঠনিক দক্ষতা বাড়াতে হবে।
তিনি বলেন, প্রবাসের মাটিতেও সংগঠনের দায়িত্বশীলদের পারস্পরিক ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ লক্ষ্য হিসেবে সামনে রেখে দ্বীনের দাওয়াত ও সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে হবে।
মাওলানা ফজলুর রহমান আরও বলেন, প্রশিক্ষণ শুধু জ্ঞান অর্জনের বিষয় নয়; অর্জিত জ্ঞান ব্যক্তি জীবন, পরিবার ও সমাজে বাস্তবায়নের মাধ্যমে আদর্শ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখাই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। এজন্য নিয়মিত কুরআন-হাদিস অধ্যয়ন, আমল-আখলাকের উন্নয়ন এবং সাংগঠনিক কর্মতৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
প্রশিক্ষণ মজলিসে আরও উপস্থিত ছিলেন মদিনা মুনাওয়ারা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আব্দুল কাদির, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, বায়তুলমাল সম্পাদক রিয়াজ আহমদ, সহ-বায়তুলমাল সম্পাদক মুহাম্মাদ রিফাত, মুহাম্মাদ কবির, অফিস সম্পাদক মুহাম্মাদ নজরুল ইসলাম তারেক, মাওলানা তাওহিদুল ইসলামসহ শাখার অন্যান্য দায়িত্বশীল ও সদস্যরা।

