জুলাই দিবসের অনুষ্ঠান থেকে জুলাই যোদ্ধাদের মারধর করে বের করে দিল বিএনপির নেতারা

জেলা প্রশাসনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উত্তেজনা; ভুক্তভোগীদের অভিযোগ মারধর ও লাঞ্ছনার, বিএনপির দাবি—‘কটূক্তির প্রতিবাদে’ তাদের বের করে দেওয়া হয়েছে

by ABDUR RAHMAN
জুলাই দিবসের অনুষ্ঠান থেকে জুলাই যোদ্ধাদের মারধর করে বের করে দিল বিএনপির নেতারা

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা, মারধর ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন
banner

জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে কয়েকজন জুলাই যোদ্ধা উপস্থিত হওয়ার পর হঠাৎ উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুসহ কয়েকজন নেতাকর্মী গেজেটভুক্ত জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন।

ঘটনার বেশ কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে কয়েকজন ব্যক্তিকে অনুষ্ঠানস্থল থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং বাইরে এনে চড়-থাপ্পড় মারার দৃশ্য দেখা যায় বলে দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা। তবে ভিডিওর সম্পূর্ণ প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনার পর আহত জুলাই যোদ্ধা, এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সমর্থকেরা বিক্ষোভ করেন।

আহত গেজেটভুক্ত জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টু অভিযোগ করে বলেন, অনুষ্ঠানস্থলে প্রবেশের পরই বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হন। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনে আহত হওয়ার পর সরকারি তদন্তের ভিত্তিতে তিনি জুলাই যোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। কিন্তু অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার পর তাকে মারধর করে বের করে দেওয়া হয়।

তার ভাষ্য, অন্যরা এগিয়ে না এলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। তিনি বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর এমন হামলার ঘটনায় সরকারের কাছে বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরও অভিযোগ করেন, প্রশাসনের উপস্থিতিতেই তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তিনি বলেন, ঘটনার সময় প্রশাসন কার্যকর কোনো ভূমিকা নেয়নি এবং তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেন।

অভিযোগ অস্বীকার না করে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক নেতাও বক্তব্য দিয়েছেন।

তার দাবি, এনসিপির কয়েকজন নেতাকর্মী, বিশেষ করে ইমরান আল নাজির, দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক বক্তব্য দিয়ে আসছেন। একই ধরনের মন্তব্য অনুষ্ঠানেও করা হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে অনুষ্ঠানে উপস্থিত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তানভীর হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা না বলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

অন্যদিকে শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, জেলা প্রশাসনের আনুষ্ঠানিক অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। তবে যে অভিযোগ উঠেছে, সেটি খতিয়ে দেখা হবে। তার মতে, ঘটনাটি যদি ঘটে থাকে, তাহলে সেটি আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরুর আগেই ঘটে থাকতে পারে।

banner

এ জাতীয় আরো সংবাদ