অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
সোমবার (২২ জুন) সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, যে দল ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এবং দেশের জন্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের এ দেশে রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয়।
রফিকুল ইসলাম জামাল বলেন, “আমি মহান সংসদে দাবি জানাই, তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। তাদের রাজনীতিও ফ্যাসিস্টদের মতো নিষিদ্ধ করা হোক।”
বক্তব্যে তিনি ধর্মভিত্তিক রাজনীতিরও সমালোচনা করেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য উল্লেখ করে বলতে হয়, নামের সঙ্গে ‘ইসলাম’ থাকলেই ইসলাম হয়ে যায় না। ধর্মের নামে রাজনীতি করা কিছু দল নির্বাচনের সময় ভোটের বিনিময়ে মানুষের কাছে বেহেশতের প্রতিশ্রুতি দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সংসদ সদস্য আরও বলেন, অতীতেও বিভিন্ন বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে এসব দল ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। স্বাধীনতার বিরোধিতার ইতিহাস এবং ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের কারণে সংশ্লিষ্ট দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।
আর/

