অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
গভীর রাতে প্রজ্ঞাপন জারি করে দেশে জ্বালানি তেলের মূল্য লিটারপ্রতি সর্বকালের রেকর্ড ২০ টাকা বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগর উত্তর।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মহাখালী রেলগেট থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি কলেরা হাসপাতালের সামনে দিয়ে অগ্রসর হয়ে নাবিস্কো মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৭ বছর বাইরে থাকার পর দলের নেতাকর্মীদের পকেট ভারী করার সুযোগ দিতেই সরকার জ্বালানি খাতে এই কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঘটিয়েছে। তিনি বলেন, গত ৬ মাসের ব্যবধানে সরকার তিনবার জ্বালানির দাম বাড়াল। কিছুদিন আগে কৃত্রিম সংকট তৈরি করে পাম্পগুলোতে দীর্ঘ লাইন সৃষ্টি করা হয়েছিল, অথচ সংসদে বিষয়টি তোলার ৩ দিনের মাথায় রহস্যজনকভাবে সংকট গায়েব হয়ে যায়। এর থেকেই প্রমাণিত হয়, নির্দিষ্ট একটি বিশেষ গোষ্ঠীকে অবৈধ সুবিধা দিতেই এসব কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এর ফলে কৃষি, গার্মেন্টস শিল্পসহ সার্বিক অর্থনীতি ধ্বংসের মুখোমুখি পড়ছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে জামায়াত নেতারা অভিযোগ করেন, বর্তমান সরকারের ৬ মাসের শাসনামলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। শিশু আছিয়া, রামিসা ও অপ্রতিম হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর নৈতিক পদত্যাগের দাবি তোলেন। এছাড়া, স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ডিসেম্বরের মধ্যে বিচারিক রায় কার্যকরের আহ্বান জানানো হয়। ড. রেজাউল করিম হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে তেল, গ্যাস, সার ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারকে ক্ষমতা ছাড়তে হবে।
উল্লেখ্য, গত রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী দেশের ইতিহাসে এক লাফে চার ধরনের জ্বালানি তেলের দাম সর্বোচ্চ বাড়ানো হয়েছে। নতুন হার অনুযায়ী ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। এই আকাশচুম্বী মূল্যবৃদ্ধির প্রভাবে ইতোমধ্যে গণপরিবহনে ভাড়া বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে এবং দেশের প্রধান বিরোধী দল ও রাজনৈতিক সংগঠনগুলো এর প্রতিবাদে দেশব্যাপী রাজপথে কর্মসূচির ঘোষণা দিয়েছে।

