গ্যাস সংকট দ্রুত নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানালেন মাওলানা মামুনুল হক

মোহাম্মদপুর, আদাবরসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘস্থায়ী গ্যাস সংকটে উদ্বেগ প্রকাশ; স্বচ্ছ তথ্য প্রকাশ ও টেকসই জ্বালানি পরিকল্পনার দাবি

by Master Fatih
গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, কলাবাগান, কাফরুল, কাজীপাড়া, পশ্চিম তেজতুরী বাজার, বাড্ডাসহ দেশের বিভিন্ন এলাকায় চলমান তীব্র গ্যাস সংকট দ্রুত নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

সোমবার (২৭ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় কোথাও গ্যাস সম্পূর্ণ বন্ধ, আবার কোথাও গ্যাসের চাপ এতটাই কম যে স্বাভাবিকভাবে রান্নাবান্না করাও সম্ভব হচ্ছে না। এতে হাজার হাজার পরিবার চরম দুর্ভোগে পড়েছে। শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য খাবার প্রস্তুত করা এবং বিশুদ্ধ পানি ফুটিয়ে পান করার মতো নিত্যপ্রয়োজনীয় কাজও ব্যাহত হচ্ছে। তিনি বলেন, এটি কেবল একটি সেবাগত সমস্যা নয়, বরং জনস্বাস্থ্য ও নাগরিক জীবনের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে।

বিজ্ঞাপন
banner

মাওলানা মামুনুল হক বলেন, মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি (LNG) টার্মিনালে অগ্নিকাণ্ডের পর গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। একই সঙ্গে দেশীয় গ্যাস উৎপাদন হ্রাস, সরবরাহ ঘাটতি, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং পর্যাপ্ত বিকল্প ব্যবস্থার অভাব বর্তমান সংকটকে আরও জটিল করে তুলেছে।

তিনি আরও বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে দুই থেকে তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি। বরং মোহাম্মদপুর, আদাবরসহ বিভিন্ন এলাকায় সংকট আরও প্রকট হয়েছে, যা সরকারি আশ্বাস বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি করেছে।

সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গ্যাস সংকটের প্রকৃত কারণ, বর্তমান পরিস্থিতি এবং সমাধানের অগ্রগতি সম্পর্কে জনগণকে নিয়মিত, স্বচ্ছ ও দায়িত্বশীলভাবে অবহিত করতে হবে। জনগণের জানার অধিকার রয়েছে—কেন এই সংকট সৃষ্টি হয়েছে, কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে এবং এ সময়ে সরকার কী কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

বিবৃতিতে তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সংকট এড়াতে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি, গ্যাস অবকাঠামোর আধুনিকায়ন, বিকল্প সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবসম্মত ও টেকসই পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বিবৃতির শেষে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক আশা প্রকাশ করেন, সরকার জনগণের এই দুর্ভোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে, গ্যাস সংকট সম্পর্কে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তথ্য প্রকাশ করবে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশবাসীর ভোগান্তির অবসান ঘটাবে।

banner

এ জাতীয় আরো সংবাদ