অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে এক শিবির নেতা নিহত হয়েছেন।
রোববার (২১ জুন) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল্লাহ বারী (২২) উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। আহত হয়েছেন সালাউদ্দিন নামে আরও একজন শিবির কর্মী, যাকে বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে উপজেলা চত্বরে প্রধান শিক্ষক ও স্থানীয় এক যুবদল নেতার মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি সমঝোতার মাধ্যমে মীমাংসা করা হয়। তবে কিছুক্ষণ পর বোনারপাড়া চৌরাস্তা এলাকায় শিবির নেতা সাইফুল্লাহ ও তার সহযোগী সালাউদ্দিন অবস্থান করলে সেখানে হামলার ঘটনা ঘটে। এ সময় সালাউদ্দিনকে গুরুতর আহত করা হয় এবং সাইফুল্লাহ বারীকে ধাওয়া করে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক সাইফুল্লাহকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, একদল ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
স্থানীয় বাসিন্দারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
সাঘাটা থানার পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
এদিকে উপজেলা বিএনপি ও শিবিরের পক্ষ থেকে পৃথক প্রতিক্রিয়ায় ঘটনার নিন্দা জানানো হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
আর/

