জুলাই গণঅভ্যুত্থান: চুপ্পুসহ দুই সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে পৃথক অভিযোগ দাখিল; কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ভূমিকা তদন্তেরও দাবি

by ABDUR RAHMAN
চুপ্পুসহ দুই সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে পৃথক অভিযোগ দাখিল করা হয়েছে। রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদ পার্টি (বিএপি) এবং রাষ্ট্রসংলাপ ফোরামের পক্ষ থেকে এসব অভিযোগ জমা দেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

রাষ্ট্রসংলাপ ফোরাম জানিয়েছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বা সংশ্লিষ্ট সময়ে বিভিন্ন ব্যক্তি এবং সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনের ভূমিকা আইনানুগভাবে তদন্তের দাবি জানানো হয়েছে।

সংগঠনটির অভিযোগে অভিনেতা ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, আনিস আলমগীর, সোমা ইসলাম, মারিয়া কিসপট্টা, পিয়া জান্নাতুল, শান্তা ফারজানাসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ আজাদ পার্টির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ জমা দিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হন। তার দাবি, সে সময় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বে থাকা মো. সাহাবুদ্দিন পরিস্থিতি সম্পর্কে অবগত থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেননি।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি চাইলে ওই সময় পদত্যাগ করতে পারতেন। কিন্তু তা না করায় ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’ (ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়বদ্ধতা) নীতির আওতায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযোগগুলো এখনো তিনি বিস্তারিতভাবে পড়ে দেখেননি। তার ভাষ্য, অভিযোগ প্রসিকিউশনের কাছে এলে নিয়ম অনুযায়ী তা তদন্ত সংস্থার কাছে পাঠানো হয় এবং এ ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে।

তিনি বলেন, অভিযোগ তদন্তের জন্য উপস্থাপিত হলে সেটি তদন্ত সংস্থায় পাঠিয়ে দেওয়া হবে। তদন্তের আগে অভিযোগের বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চান না।

বাংলাদেশ আজাদ পার্টি আশা প্রকাশ করেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগের বিষয়ে সত্য উদঘাটিত হবে এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন।

banner

এ জাতীয় আরো সংবাদ