অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে এক যুবককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছেন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান। তিনি জানান, অবৈধভাবে একজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলেও বিজিবির কঠোর অবস্থানের কারণে তা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত প্রায় ১০টা ৪০ মিনিটে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) আওতাধীন ঝাউডাঙ্গা বিওপির বিপরীতে ভারতের ১৬০ বিএসএফ ব্যাটালিয়নের দরগাপাড়া ক্যাম্পের সদস্যরা সীমান্তের কাঁটাতারের গেট খুলে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৭৮-এর পাশ দিয়ে ওই যুবককে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সীমান্ত এলাকায় অবস্থান নেন বিজিবি সদস্যরা। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থান গ্রহণ করেন। ফলে বিএসএফের পুশ-ইনের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।
বিজিবি ও স্থানীয় সূত্র জানিয়েছে, মধ্যেরচর এলাকার সীমান্তঘেঁষা অংশে এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়দের কড়া নজরদারির মুখে ওই যুবক বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। সীমান্তের উভয় পাশে বিজিবি ও বিএসএফ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “একজনকে পুশ-ইনের চেষ্টা করা হয়েছিল। আমরা তাকে বাংলাদেশে প্রবেশ করতে দিইনি। লোকটি এখনো শূন্যরেখার কাছে অবস্থান করছে।”
তিনি আরও জানান, দেওয়ানগঞ্জের ঝাউডাঙ্গা সীমান্তে গত রাতের ঘটনার পর বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও জামালপুর সীমান্ত দিয়ে কয়েকজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় ও বিজিবি সূত্র।
আর/

