ফ্যাসিবাদ ঠেকাতে সংবিধান সংস্কার জরুরি: আল্লামা মামুনুল হক

প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, স্বাধীন বিচার বিভাগ ও নিরপেক্ষ নির্বাচন কমিশন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর।

by Master Fatih
বরগুনার নাগরিক সমাবেশে বক্তব্য দিচ্ছেন আল্লামা মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক । হুদহুদ নিউজ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের বর্তমান সংবিধান ও রাজনৈতিক ব্যবস্থা বহাল থাকলে আগামী পাঁচ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানও শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে পারেন। ফ্যাসিবাদ ঠেকাতে সংবিধান সংস্কারসহ রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে।

শনিবার ১২ সেপ্টেম্বর রাত ৯টায় বরগুনা পৌর শহরের সিরাজউদ্দিন মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস বরগুনা জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

আল্লামা মামুনুল হক বলেন, সংবিধানে প্রধানমন্ত্রীর হাতে এমনভাবে ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়েছে যে, এই চেয়ারে যিনি বসবেন, তিনি দুই-চার-পাঁচ বছরের মধ্যে ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ পাবেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থার সংবিধানকে তিনি ফ্যাসিবাদ তৈরির মূল কারখানা বলে মন্তব্য করেন।

তিনি বলেন, নতুন বাংলাদেশে পুলিশ কোনো রাজনৈতিক দলের পেটোয়া বাহিনী হবে না; পুলিশ হবে জনগণের সেবক। প্রশাসনকে দলনিরপেক্ষ করতে হবে এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে।

জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে আল্লামা মামুনুল হক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি স্বাধীন বিচার বিভাগ, দলনিরপেক্ষ পাবলিক সার্ভিস কমিশন এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।

বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে আল্লামা মামুনুল হক অভিযোগ করেন, দলীয় সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্বাচন কমিশনে নিয়োগ দিয়ে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি নির্বাচন কমিশনকে দলীয় প্রভাবমুক্ত ও সর্বজনগ্রাহ্য করার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা খাইরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মুফতি ওযায়ের আমীন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় তত্ত্বাবধায়ক মাওলানা রাকীবুল ইসলাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান এবং ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ।

banner

এ জাতীয় আরো সংবাদ