অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
চট্টগ্রামে একীভূত শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর আমানতকারীরা তাদের অর্থের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছেন।

সোমবার সকালে ‘সম্মিলিত পাঁচ ইসলামিক ব্যাংক ডিপোজিটরস অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে আন্দোলনকারীরা নিউ মার্কেট মোড় থেকে মিছিল শুরু করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সংগঠনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক প্রধানের কাছে তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— গ্রাহকদের আমানতের ওপর আরোপিত ‘হেয়ার কাট’ বা অর্থ কর্তনের সিদ্ধান্ত বাতিল, ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করা এবং জমাকৃত অর্থের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা।

আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে ব্যাংকগুলোর অনিশ্চিত পরিস্থিতির কারণে সাধারণ আমানতকারীরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
প্রতিনিধি দলের বক্তব্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা স্মারকলিপি গ্রহণ করেছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে আশ্বাস দিয়েছেন।
এর আগে একীভূত হওয়া একাধিক ইসলামী ব্যাংকের শাখায় অনিয়ম ও সিদ্ধান্তের প্রতিবাদে আমানতকারীরা বিভিন্ন সময়ে বিক্ষোভ ও প্রতীকী কর্মসূচি পালন করেন।
আর/

