আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের মালদহ জেলার একটি বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) মালদহের বৈষ্ণবনগর এলাকায় অবস্থিত বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তরে এ ঘটনা ঘটে।
বিএসএফ সূত্র জানায়, অভিযুক্ত জওয়ানের নাম শিবম মিশ্র। তিনি ভারতের ছত্তিশগড়ের বাসিন্দা। অভিযোগ রয়েছে, তিনি হঠাৎ করে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান।
গুলিতে ঘটনাস্থলেই দুই বিএসএফ সদস্য নিহত হন। আহত আরেক সদস্যকে দ্রুত মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন বিহারের ছাপড়া জেলার মানঝি এলাকার বাসিন্দা ৫১ বছর বয়সী অজয় কুমার সিং এবং মহারাষ্ট্রের গড়চিরোলির বাসিন্দা ৩৭ বছর বয়সী আম্বাদার সুরেশ দারগু।
আহত বিএসএফ সদস্য বিকাশ ব্রহ্মের বয়স ৪৪ বছর। তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা। তিনজনই বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
বিএসএফ সূত্রের বরাতে জানা গেছে, অভিযুক্ত শিবম মিশ্র এর আগেও সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে শাস্তি পেয়েছিলেন। প্রায় এক বছর আগে ওই ঘটনার পর বাহিনীর অভ্যন্তরীণ আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।
সূত্র আরও জানায়, সম্প্রতি তার শাস্তির মেয়াদ শেষ হয় এবং তাকে বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছিল। এর মধ্যেই নতুন করে এই গুলির ঘটনা ঘটে।
ঘটনার পর বৈষ্ণবনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি বিএসএফের পক্ষ থেকেও বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্ত জওয়ানকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মালদহ সেক্টরের বিএসএফের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ জানতে বাহিনীর পক্ষ থেকে তদন্ত চলছে।
সীমান্তবর্তী এলাকায় এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার পেছনে ব্যক্তিগত বিরোধ, মানসিক চাপ নাকি অন্য কোনো কারণ ছিল—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

