পাবনায় ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি বিএনপি ওয়ার্ড সভাপতিকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় হাট থেকে ফেরার পথে হামলা চালায় দুর্বৃত্তরা

by ABDUR RAHMAN
পাবনায় ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি বিএনপি ওয়ার্ড সভাপতিকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

পাবনার আটঘরিয়া উপজেলায় বহুল আলোচিত কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি স্থানীয় এক বিএনপি নেতাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম আদম আলী (৬০)। তিনি উপজেলার একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন।

বিজ্ঞাপন
banner

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার একদন্ত ইউনিয়নের চণ্ডীপাশা সংলগ্ন ষাটগাছা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আদম আলী ষাটগাছা গ্রামের আলহাজ নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে একদন্ত স্থানীয় হাট থেকে কেনাকাটা সেরে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চণ্ডীপাশা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গতিপথ রোধ করে। এ সময় তাকে লক্ষ্য করে প্রথমে গুলি চালানো হয় এবং পরবর্তীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ষাটগাছা গ্রামের একটি বাঁশঝাড় থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তমা খাতুন নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আদম আলীকে প্রধান আসামি করা হয়।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। হত্যার কারণ এবং ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে। দ্রুততম সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ