অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার সংসদীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগাল উপস্থিত ছিলেন। এছাড়া বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও অংশ নেন।
আলোচনায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, ভবিষ্যতমুখী ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায় তার দেশ। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক ইতিবাচক ধারায় এগিয়ে যাচ্ছে। বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে এবং সামরিক ও বেসামরিক পর্যায়ে একাধিক সফর বিনিময় হয়েছে।
তিনি আরও জানান, সম্প্রতি বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল পাকিস্তান সফর করেছে এবং দেশটির শিক্ষা কাঠামো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছে। গত মাসে ঢাকায় অনুষ্ঠিত শিক্ষা মেলার সফল আয়োজনের বিষয়েও বিরোধীদলীয় নেতাকে অবহিত করা হয়।
বৈঠকে শিক্ষাখাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। হাইকমিশনার জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে বাংলাদেশের ৫০০ জন শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান করবে পাকিস্তান। এরই মধ্যে ৭৪ জন শিক্ষার্থী পাকিস্তানে গমন করেছেন। পাশাপাশি দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে মেধা ও জ্ঞান বিনিময় বাড়ানোর লক্ষ্যে কাজ চলমান রয়েছে। ‘নলেজ করিডোর’ প্রকল্পকে আরও সংহত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এ সময় পাকিস্তানের পক্ষ থেকে দুই দেশের আইনপ্রণেতাদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে একটি সংসদীয় গ্রুপ গঠনের প্রস্তাব দেওয়া হয়। সংসদীয় পর্যায়ে সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন হাইকমিশনার।
বৈঠকের একপর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি সম্পাদনে পাকিস্তানের ঐতিহাসিক ভূমিকার জন্য বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হাইকমিশনারের মাধ্যমে পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বৈঠকের এসব তথ্য জানানো হয়েছে।
আর/

