বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আন্দোলন হচ্ছে সরকারের বিরুদ্ধে। এখন ঠেকানোর দায়িত্ব তো সরকারের, এটা বিরোধী দলের কাজ না।
তিনি বলেন, সরকার যদি না পারে তখন বলবে যে- বিরোধী দল আপনারাও আসেন, আমরা পারছি না। আইনশৃঙ্খলা ব্যর্থ হয়েছে, আমাদের চেইন অব কমান্ড ব্যর্থ হয়েছে, আমাদের দল ব্যর্থ হয়েছে, তখন না হয় বিরোধী দল নামবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির এ অনুষ্ঠানের আয়োজন করে।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আইন তো বিরোধী দলের হাতে তুলে নেওয়ার কোনো সিস্টেম নেই দেশে। যেহেতু সিস্টেম নেই, তো সেক্ষেত্রে বিরোধী দল কেন নামবে? আর বিরোধী দলের বিরুদ্ধে তাদের আন্দোলন করাও তো যৌক্তিক না, কারণ তারা স্টেটের বিরুদ্ধে করছে। কারণ স্টেট তাদের গ্রেফতার করছে, স্টেট তাদেরকে সুযোগ-সুবিধা দিচ্ছে না রাজনীতি করার—এই দাবি তুলেই তারা আন্দোলন করছে। সুতরাং আন্দোলন সরকারের বিরুদ্ধে করবে, এটাই ন্যাচারাল বিষয়।
বিরোধী দলের পক্ষ থেকেও প্রতিরোধ গড়ে তোলার কথা জানিয়ে শিবির সভাপতি বলেন, এরপরও বিরোধী দলের জায়গা থেকে আমরাও তো প্রতিরোধ গড়ে তুলছি। প্রত্যেকটা জায়গায় মিছিল করছি, প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা মিছিল করেছি, প্রতিবাদ করেছি, অবস্থান কর্মসূচি করেছি, যাতে তারা এই ন্যক্কারজনক ঘটনা সারা দেশে না ঘটাতে পারে।
তিনি বলেন, আমাদের নাগরিক অধিকারের জায়গা থেকে, নাগরিক সচেতনতার জায়গা থেকে কাজগুলো আমরা করছি। কিন্তু মূল জায়গাটা তো সরকারের সঙ্গেই এবং সরকারকেই এটা প্রটেক্ট করতে হবে। যদি তারা না পারে তো বলুক, বিরোধী দল আমরা ওয়েল এনাফ। আমরাও রাজপথে আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) এর আগে প্রতিরোধ করেছি, এখনও করতে সক্ষম। এই আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) তাড়ানোর জন্য যত মেকানিজম আছে আমরা সবকিছুই জানি, এগুলো সবই এপ্লাই করতে পারব।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুর গফুর, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং আইআইইআর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, নবীন শিক্ষার্থী ও সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কোরআন, হিজাব, চাবির রিং, বই, কলম, টেবিল ক্যালেন্ডার, সংগঠনের লোগোসম্বলিত প্যাড, পরিচিতি কার্ড ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ ছাড়া দুপুরের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

