সংবিধান সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে হবে: মামুনুল হক

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেওয়া হবে না।

by Master Fatih
সাভারে নাগরিক সমাবেশে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক।
অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের উদ্যোগে সাভার মডেল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। গণভোটের রায় কার্যকর করাসহ নাগরিক জীবনের বিভিন্ন সংকট সমাধানের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আল্লামা মামুনুল হক বলেন, সরকার গঠনের নির্বাচনে বিএনপি ও তার মিত্ররা প্রায় ৫০ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। অর্থাৎ সরকার গঠনের পাশাপাশি রাষ্ট্র সংস্কারেরও সুস্পষ্ট জনম্যান্ডেট রয়েছে। কিন্তু সরকারদলীয় সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এর মাধ্যমে গণভোটে রায় দেওয়া ৭০ শতাংশ মানুষের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হয়েছে।

তিনি বলেন, সংসদ নির্বাচন ছিল সরকার গঠনের নির্বাচন, আর গণভোট ছিল রাষ্ট্র মেরামতের নির্বাচন। জনগণ রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিয়েছে। অথচ সরকার ক্ষমতায় যাওয়ার পর সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে আসছে। বিএনপির ৩১ দফা কর্মসূচির প্রথম দফাতেই সংবিধান সংস্কারের কথা ছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সেই প্রতিশ্রুতি ভুলে যাওয়া হচ্ছে।

সংবিধান সংশোধন ও সংস্কারের মধ্যে পার্থক্য তুলে ধরে তিনি বলেন, সংবিধান সংশোধন আর সংবিধান সংস্কার এক বিষয় নয়। সংশোধন সংসদের একটি নিয়মিত কার্যক্রম, যা পরবর্তী সময়ে পরিবর্তন বা বাতিল করা সম্ভব। অতীতে সংবিধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংশোধনীও পরবর্তী সময়ে বাতিল হয়েছে। কিন্তু জুলাই বিপ্লবে এত মানুষের আত্মত্যাগ কোনো সাময়িক বা দুর্বল পরিবর্তনের জন্য ছিল না। শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের বাংলাদেশ।

জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারের গুরুত্ব তুলে ধরে মামুনুল হক বলেন, এর মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আসবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে এবং প্রশাসন ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ বন্ধ হবে। সংবিধান সংস্কার না হলে পুরোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পুনরাবৃত্তির আশঙ্কা থেকেই যাবে।

দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, জ্বালানি খাতের সিন্ডিকেট, দ্রব্যমূল্যের অস্থিরতা, শিল্পকারখানায় উৎপাদন হ্রাস, শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক এবং শ্রমিক অসন্তোষের মতো সংকটের পেছনে রাষ্ট্র পরিচালনার কাঠামোগত দুর্বলতা রয়েছে। সংবিধান সংস্কারের মাধ্যমে জবাবদিহি ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা গেলে এসব সংকট সমাধানের পথ তৈরি হবে।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তারেক রহমানকে নতুন করে শেখ হাসিনা হতে দেব না। বাংলাদেশে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেওয়া হবে না।’ একই সঙ্গে পুরোনো ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করলেও জুলাইযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে আধিপত্যবাদী শক্তির আগ্রাসন ও নৈরাজ্যের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ভিত্তিতে নাগরিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

আল্লামা মামুনুল হক আরও বলেন, জুলাই বিপ্লবের শহীদদের হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড এবং বিপ্লবী শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। শেখ হাসিনা সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও প্রশাসনের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। শহীদ পরিবারের সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করার আগে খুনিদের রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত নয়।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, প্রকৃত ইনসাফ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ প্রদত্ত খেলাফত রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা, ইউনিয়ন ও পৌরসভাসহ বিভিন্ন পর্যায়ে প্রার্থী মনোনয়ন দেবে। দেশ, জাতি ও ইসলামের স্বার্থে কোনো আপস না করে দলটি রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখবে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন কাসেমী। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও মাওলানা নূর মোহাম্মদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুল আজিজ এবং বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আবুল কালাম।

এ ছাড়া সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও ঢাকা জেলা উত্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, নেতাকর্মী এবং স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।

আল্লামা মামুনুল হক, সংবিধান সংস্কার, জুলাই সনদ, গণভোট

banner

এ জাতীয় আরো সংবাদ