আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি-এসআই, পুলিশের গুলিতে আহত ২

বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা লুটের কয়েক ঘণ্টার মধ্যেই অভিযানে নাটকীয় পরিস্থিতি

by ABDUR RAHMAN
আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি-এসআই

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

রাজধানীর আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা লুটের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন ছিনতাইকারীদের হামলায় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপপরিদর্শক (এসআই) আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গুলিতে দুই সন্দেহভাজন আহত হয়।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে আদাবরের ঢাকা উদ্যান এলাকার ডেল্টা গার্মেন্টসের পেছনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহত দুজনসহ মোট চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, একই দিন সকাল সাড়ে ১০টার দিকে শেখেরটেক এলাকায় শফিকুল ইসলাম (৩৯) নামে এক বিকাশ এজেন্টের দোকানে ঢুকে কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্রের আঘাতে তাকে গুরুতর আহত করে। পরে ক্যাশে থাকা প্রায় সাড়ে তিন লাখ টাকা এবং বিকাশ লেনদেনের একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তারা। আহত শফিকুলকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে পুলিশ। বিকেলে ডেল্টা গার্মেন্টসের পেছনে সন্দেহভাজনদের অবস্থানের খবর পেয়ে সেখানে যায় একটি দল। এ সময় অভিযানে অংশ নেওয়া সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে।

মোহাম্মদপুর অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন জানান, হামলার সময় ওসি জাহিদুল ইসলাম মাথায় আঘাত এড়াতে হাত দিয়ে প্রতিরোধ করলে তার হাতে কোপ লাগে। একই ঘটনায় এসআই তরুণও আহত হন। পরে দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালায়। এতে রুবেল ও আমির নামে দুই সন্দেহভাজন গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে নেওয়ার পাশাপাশি কাশেম ও জয় নামে আরও দুজনকে আটক করা হয়েছে।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। সকালে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, আদাবর, শ্যামলী, ঢাকা উদ্যান, তুরাগ হাউজিং ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি সংঘবদ্ধ কিশোর ও তরুণ চক্র সক্রিয় রয়েছে।

এদিকে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর গত ২২ মাসে দেশে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১ হাজার ৬১টি। এর মধ্যে ২০২৪ সালের বাকি পাঁচ মাসে ১৯২টি, ২০২৫ সালে ৬০১টি এবং ২০২৬ সালের প্রথম পাঁচ মাসে ২৬৮টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ