গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হামলা বন্ধে বিশ্ববাসীর সহযোগিতা চেয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে এসব হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে ড. ইউনূস বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে তাঁর নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানান তিনি।
গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলার ঘটনাকে অবিশ্বাস্য ও মর্মান্তিক উল্লেখ করে ড. ইউনূস বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই ব্যাংকটির মালিক দরিদ্র নারীরা। ২০ বছর আগে ব্যাংকটি নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। এ বছর প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর পূর্তি হচ্ছে।
বিবৃতিতে তিনি জানান, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। ঋণগ্রহীতাদের হাতে ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ার রয়েছে এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। ফলে ব্যাংকটির ওপর হামলা মানে দরিদ্র নারীদের নিরাপত্তা, স্বাধীনতা ও তাঁদের সন্তানদের ভবিষ্যতের ওপর আঘাত।
ড. ইউনূসের অভিযোগ, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে। হামলার ধরন দেখে মনে হচ্ছে, ওপর মহলের নির্দেশে প্রতিদিন এ ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে।
তিনি বলেন, কয়েকটি ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এসব হামলায় গ্রামাঞ্চলের লাখ লাখ নারীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিবার পরিচালনা, সন্তানদের পড়াশোনা ও অন্যান্য প্রয়োজন মেটাতে এসব নারীর কাছে গ্রামীণ ব্যাংক গুরুত্বপূর্ণ অবলম্বন।
বিবৃতিতে আরও বলা হয়, সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ নেই। জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও হামলা চালানো হয়েছে।
গ্রামীণ ব্যাংক তাঁর মালিকানাধীন ও তাঁর পরিচালনায় চলে—এমন প্রচারণাকে মিথ্যা দাবি করে ড. ইউনূস বলেন, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তাঁর কোনো ভূমিকা নেই। গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক তিনি নন এবং কখনো ছিলেনও না।
তিনি জানান, ব্যাংক কর্তৃপক্ষ ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারী ও ব্যাংকের নথিপত্রের নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে। ব্যাংকটির সেবা যেন কোনো বাধা ছাড়াই অব্যাহত থাকে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
হামলার ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ড. ইউনূস বলেন, প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে গ্রামীণ ব্যাংকের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের এসব হামলার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতির শেষাংশে তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়; এটি দারিদ্র্য বিমোচন ও কোটি মানুষের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টার ওপরও সরাসরি আঘাত।

