ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজের সময় এক তুর্কি নারীকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। পুলিশের দাবি, ওই নারী সন্ত্রাসবাদে উসকানি দিয়েছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার (২০ নভেম্বর) গ্রেফতার হওয়া ওই নারীর বয়স ৪৭ বছর। তিনি পর্যটক হিসেবে সেখানে গিয়েছিলেন।
ইসরায়েলি পুলিশের অভিযোগ, ওই নারী মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের মধ্যে অর্থ বিতরণ করেছেন। এ ছাড়া অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে সন্ত্রাসবাদে উসকানি ও সমর্থন দেওয়ার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
পুলিশ আরও জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রয়াত নেতা শেখ আহমেদ ইয়াসিন ও ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসা করার অভিযোগ রয়েছে ওই নারীর বিরুদ্ধে। তদন্তে তাঁকে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট বলে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
তবে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ওই নারী সন্ত্রাসবাদে উসকানিমূলক কোনো বক্তব্য দিয়েছিলেন কি না বা কোনো প্রচারসামগ্রী বিতরণ করেছিলেন কি না, পুলিশের বিবৃতিতে তা স্পষ্ট করা হয়নি।
পুলিশ জানায়, গ্রেফতারের পর তাঁর মুঠোফোন ও ব্যাকপ্যাক জব্দ করা হয়েছে। সন্ত্রাসবাদে উসকানি, সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা বা উপকরণ সরবরাহ এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে—এমন কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ওই নারীকে আদালতে হাজির করে আটকাদেশের মেয়াদ বাড়ানোর আবেদন জানাবে পুলিশ। তবে এ ঘটনায় তুরস্কের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

