জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডে হাইআতুল উলয়ার উদ্বেগ ও ঘটনা তদন্তের দাবি

জামিয়া আশরাফিয়ায় আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৭৭ শিক্ষার্থী; আহতদের সর্বোচ্চ চিকিৎসা ও অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের আহ্বান জানিয়েছে কওমি মাদরাসার সর্বোচ্চ কর্তৃপক্ষ।

by Master Fatih
নারায়ণগঞ্জের ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়া হচ্ছে।

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড-সংলগ্ন শান্তিধারা এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৭ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আহত শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের দাবি জানিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ আহ্বান জানায়। বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান।

মাদরাসা সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে ভবনের দ্বিতীয় তলার লাইব্রেরি কক্ষে আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে ঘুমন্ত শিক্ষার্থীরা শ্বাসকষ্টে আক্রান্ত হন। পরে তাঁদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তবে শিক্ষার্থীরা আগুনে দগ্ধ হননি; ঘন ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করায় তাঁরা অসুস্থ হয়ে পড়েন।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় মাদরাসাটিতে প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী অবস্থান করছিলেন।

উদ্ধার তৎপরতায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে। তবে তদন্তের পরই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আল-হাইআতুল উলয়া আহত শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এ ছাড়া দেশের সব আবাসিক কওমি মাদরাসায় বৈদ্যুতিক লাইন, অগ্নিনির্বাপণ সরঞ্জাম এবং জরুরি বহির্গমন পথ পরীক্ষা করার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতার জন্য দেশের কওমি মাদরাসাসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছে আল-হাইআতুল উলয়া।

banner

এ জাতীয় আরো সংবাদ