অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৩ জন শিক্ষার্থী অসুস্থ হওয়া এবং তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। একই সঙ্গে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান এবং সভাপতি পরিষদের সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হোসাইন এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মাদরাসার মতো শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অগ্নিকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের এমন পরিস্থিতির শিকার হওয়া মর্মান্তিক। তাঁরা আহত সব শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় থাকা তিন শিক্ষার্থীর জন্য মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে হবে।
ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষত আবাসিক মাদরাসাগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বিবৃতিতে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
