সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে দেশব্যাপী বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ

ইসলামবিরোধী আইন করার ফল সরকারের জন্য সুখকর হবে না: বায়তুল মোকাররমে মাওলানা জালালুদ্দীন আহমদ

by ABDUR RAHMAN
সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে দেশব্যাপী বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

জাতীয় সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬’-কে কুরআন-সুন্নাহ ও ইসলামবিরোধী আখ্যা দিয়ে এটি অবিলম্বে বাতিলের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে রাজধানী ঢাকাসহ সিলেট, গাজীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় একযোগে এই প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগরী শাখার উদ্যোগে এক বিক্ষোভ-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে রাজপথে একটি সুসংগঠিত বিক্ষোভ মিছিল বের করা হয়, যা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সংসদে তড়িঘড়ি করে পাস করা এই সম্পত্তি হস্তান্তর বিলটি একটি গভীর দূরভিসন্ধিমূলক পদক্ষেপ। দীর্ঘদিনের মীমাংসিত ও প্রতিষ্ঠিত পারিবারিক সম্পত্তি ব্যবস্থাকে নতুন করে বিতর্কিত করার কোনো যৌক্তিক সুযোগ নেই।

সরকারের ভেতরের চক্রান্তকারীদের দিকে আঙুল তুলে তিনি অভিযোগ করেন, কিছু পশ্চিমাপন্থী দালাল দেশের সামাজিক সংস্কৃতি ও ধর্মীয় ভাবাবেগের বিরুদ্ধে অবস্থান নিয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছেন।

দেশের বিদ্যমান অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি তুলে ধরে দলটির মহাসচিব বলেন, “এমনিতেই নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চাঁদাবাজিতে জনগণ দিশেহারা। এমন পরিস্থিতিতে ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে এমন বিতর্কিত আইন তৈরি করে দেশকে চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ইসলামবিরোধী কোনো পদক্ষেপের পরিণাম সরকারের জন্য শুভ হবে না।”

বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লা আমিন বলেন, দেশের আপামর মানুষের মতামতকে অবজ্ঞা করে কোনো বিতর্কিত আইন চাপিয়ে দেওয়া যাবে না। সরকারকে জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে এই বিল প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে এবং উত্তরের সাধারণ সম্পাদক মুরশিদ সিদ্দিকী ও দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, মাওলানা আনোয়ার হোসেন রাজী ও ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজসহ অন্যান্য শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

banner

এ জাতীয় আরো সংবাদ