অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
পাবনা শহরের একটি মন্দিরে প্রবেশ করে প্রতিমা ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে প্রান্থ কুমার দাস (২৫) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়। পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালের দিকে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন ‘পাবনা ইসকন মন্দিরে’ এ ভাঙচুরের ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত প্রান্থ কুমার দাস পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি নওগাঁ জেলার আত্রাই থানার সুধিরপুর গ্রামের বাসিন্দা প্রশান্ত চন্দ্র মন্ডলের ছেলে।
পুলিশ ও মন্দির ব্যবস্থাপনা সূত্রে জানা গেছে, সকালে ইসকন মন্দিরের মূল ফটক খোলা পেয়ে ভেতরে প্রবেশ করেন প্রান্থ। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে মন্দিরের ভেতরের বিভিন্ন সরঞ্জাম ও প্রতিমা ভাঙচুর করতে শুরু করেন। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে মন্দির সংশ্লিষ্ট লোকজন তাকে ধরে ফেলে এবং উ উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত শিক্ষার্থী মূলত মানসিকভাবে অসুস্থ। মন্দিরে প্রবেশের পর তার মানসিক ভারসাম্যহীনতা বা সমস্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়, যার ফলে সে উপাসনালয়ের মালামাল ও প্রতিমা ভাঙচুর করে। মন্দির কর্তৃপক্ষই তাকে প্রথমে ধরে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
আর/

