নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
ফেনীতে আয়োজিত এক নাগরিক সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলনের মাধ্যমে রাজপথে থাকবেন তারা। একই সঙ্গে তিনি সংবিধানের পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানিয়ে বলেন, আংশিক সংশোধন গ্রহণযোগ্য নয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ফেনীর একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে তেল-বিদ্যুতের মূল্যবৃদ্ধি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত ‘মাদক ও সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মধ্যেই দেশ নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। তাঁর অভিযোগ, জনগণের গণরায়কে উপেক্ষা করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এ কারণে তারা আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা সংবিধানের পূর্ণাঙ্গ সংস্কার চাই। কোনো আংশিক সংশোধন আমরা মেনে নেব না। দেশের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। সেই রায় নিয়ে তামাশা করা বন্ধ করতে হবে।”
প্রতিবেশী একটি দেশের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিকভাবে পরাজিত ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আশ্রয় ও সুরক্ষা দেওয়া এবং বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্কের পরিবর্তে নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে সমর্থন জানানো দুঃখজনক।
বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা নাজমুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের নায়েবে আমির শাইখুল হাদিস মাওলানা আফজালুর রহমান, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি।
এ ছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান ও মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফেনী জেলা সভাপতি শাহ মুহাম্মদ জুনায়েদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম এবং ফেনী জেলা সভাপতি ইসহাক ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

