‘নতুন বাংলাদেশে ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি চলতে পারে না’ — মাওলানা মামুনুল হক

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর

by ABDUR RAHMAN
নতুন বাংলাদেশে ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি চলতে পারে না

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত ১১ দলীয় ঐক্যের গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, “নতুন বাংলাদেশে ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি চলতে পারে না।”

বিজ্ঞাপন
banner

 

বুধবার (৫ আগস্ট) গণভোটের গণরায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে এ গণসমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আল্লামা মামুনুল হক।

সভাপতির বক্তব্যে মামুনুল হক বলেন, ফ্যাসিবাদী শক্তি দীর্ঘদিন দেশের মানুষের ওপর চেপে বসেছিল। তিনি বলেন, একটি কাঁটা শুরুতেই সরিয়ে ফেলা সম্ভব হলেও গভীরে প্রবেশ করলে তা অপসারণে বেশি ক্ষতির আশঙ্কা থাকে। তার ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থানের আগে ১৫ বছরের ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশের মানুষের ওপর গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল, যা উৎখাতে বহু মানুষের আত্মত্যাগ হয়েছে।

তিনি বলেন, নতুন করে কোনো ফ্যাসিবাদী প্রবণতা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করলে শুরুতেই তা প্রতিহত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও বড় আত্মত্যাগের প্রয়োজন হতে পারে।

বিএনপির উদ্দেশে মামুনুল হক বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি জালিম ও মজলুম উভয়কে সাহায্য করার বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সহযাত্রী বিএনপিকে বলতে চান—যদি তারা জুলুমের রাজনীতি থেকে ফিরে না আসে, তাহলে সেই জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, “চব্বিশের বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশে ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি চলতে পারে না।”

জুলাই গণঅভ্যুত্থানে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ভূমিকার কথা তুলে ধরে মামুনুল হক বলেন, দেশের যেখানেই জুলুম হবে এবং জুলুমের হাত উত্থিত হবে, সেখানেই মাদ্রাসার শিক্ষার্থীরা রাজপথে নেমে আসবে।

গণভোটের প্রসঙ্গে তিনি বলেন, এই রায় শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে। তিনি দাবি করেন, শাপলার শহীদ ও বিভিন্ন আন্দোলনে নিহতদের রক্তের বিনিময়ে অর্জিত বিষয়গুলো রক্ষা করতে হবে।

মামুনুল হক বলেন, যদি সেই আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়, তাহলে তা প্রতিহত করতে তারা শপথ নেবেন।

গণসমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে আয়োজকরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানান।

banner

এ জাতীয় আরো সংবাদ