ছাত্রদলকে সারজিসের কড়া হুঁশিয়ারি— ‘পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে’

ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বেরোবিতে সাম্প্রতিক সংঘর্ষের প্রেক্ষাপটে ফেসবুক পোস্টে মন্তব্য; সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা

by ABDUR RAHMAN
ছাত্রদলকে সারজিসের কড়া হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যদি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পথ অনুসরণ করে, তবে তাদের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।’

সারজিস আলমের এই মন্তব্য আসে দেশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনার প্রেক্ষাপটে। মঙ্গলবার ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পৃথক ঘটনায় দুই সংগঠনের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের অভিযোগ ওঠে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় জকসু প্রতিনিধিদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

এর আগে একই দিন ঢাকা কলেজে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় বলে অভিযোগ ওঠে।

এ ছাড়া সোমবার (৩ আগস্ট) রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসেও ‘জুলাই জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর ব্যানার অপসারণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

সাম্প্রতিক এসব ক্যাম্পাস সংঘর্ষের ধারাবাহিকতার মধ্যেই সারজিস আলমের ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ