নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
কাতারের সাবেক আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। এ উপলক্ষে তিনি ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসে গিয়ে সংরক্ষিত শোকবইয়ে স্বাক্ষর করেন।
মঙ্গলবার (১৪ জুলাই) কাতার দূতাবাসে উপস্থিত হয়ে তিনি প্রয়াত আমীরের প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে কাতারের বর্তমান আমীর হিজ হাইনেস শেখ তামিম বিন হামাদ আল থানি, দেশটির রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি মাওলানা মামুনুল হককে স্বাগত জানান এবং কাতারের রাজপরিবার ও জনগণের পক্ষ থেকে শোকবার্তা গ্রহণ করেন।
শোকবইয়ে স্বাক্ষর শেষে মাওলানা মামুনুল হক মহান আল্লাহ তাআলার কাছে মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবার ও কাতারের জনগণের প্রতি সহমর্মিতা জানান।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিসের পররাষ্ট্রবিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেখ হামাদ বিন খলিফা আল থানি কাতারের সাবেক আমীর এবং বর্তমান আমীর শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা।
আর/

