অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী চেতনা মানুষের মধ্যে আরও জাগ্রত করার আহ্বান জানিয়ে ফরিদপুরের সদরপুর উপজেলায় কালেমা খচিত সাদা পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের ভাষ্য, কর্মসূচিটি কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীকে উদ্দেশ্য করে নয়; বরং ইসলামের মৌলিক শিক্ষা ও কালেমার গুরুত্ব তুলে ধরাই এর লক্ষ্য।
শুক্রবার (৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে ‘সদরপুর সর্বস্তরের মুসলিম জনতা’র ব্যানারে উপজেলা সদরের বিশ্বজাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পরে অংশগ্রহণকারীরা সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমবেত হন। সেখানে অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত আলোচনা সভা।
মিছিলে বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। তাদের হাতে কালেমা খচিত সাদা পতাকা এবং ধর্মীয় বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার দেখা যায়।
সমাবেশে উপজেলা পরিষদের পেশ ইমাম মাওলানা আমির হোসেন বলেন, দেশের বিভিন্ন স্থানে কালেমা খচিত পতাকা অবমাননার অভিযোগ সামনে এসেছে। তিনি বলেন, ধর্মীয় প্রতীক ও মূল্যবোধের প্রতি সম্মান বজায় রাখা সবার দায়িত্ব এবং এ ধরনের অবমাননা মেনে নেওয়া যায় না।
কর্মসূচির আয়োজক মুফতি মোহাম্মদ জাকির হুসাইন ফরিদী বলেন, মানুষের মধ্যে ইসলামের মৌলিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও কালেমার তাৎপর্য তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ মানুষের ধর্মীয় বিশ্বাসকে আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

