নারায়ণগঞ্জে স্থানীয় বিএনপি নেতার চাঁদাবাজি, প্রতিবাদে পরিবহন ধর্মঘট

বিএনপি নেতার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও বাস আটকে রাখার অভিযোগ; আশ্বাসের পর স্বাভাবিক হয় পরিস্থিতি

by ABDUR RAHMAN
নারায়ণগঞ্জে স্থানীয় বিএনপি নেতার চাঁদাবাজি

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবি, বাস আটকে রাখা এবং পরিবহন শ্রমিকদের মারধরের অভিযোগ তুলে নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। এতে বুধবার (১ জুলাই) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল ব্যাহত হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

বিজ্ঞাপন
banner

নারায়ণগঞ্জ পরিবহন মালিক ও শ্রমিকদের যৌথ উদ্যোগে জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধর্মঘট চলাকালে সব ধরনের বাস চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। পরে অন্যান্য বাস চলাচল শুরু হলেও বিকেল পর্যন্ত বন্ধন পরিবহনের বাস চলাচল বন্ধ ছিল।

আন্দোলনকারীদের অভিযোগ, ক্রসফায়ারে নিহত মোমিন উল্লাহ ডেভিডের ছোট ভাই ও মহানগর বিএনপির সদস্য মাহাবুব উল্লাহ তপন এবং তার সহযোগীরা একটি পরিবহনের মালিকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে মিশনপাড়া এলাকায় একটি বাস আটকে রাখা হয় এবং মালিক ও শ্রমিকদের মারধর করা হয়।

সিটি বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনার প্রতিবাদেই তারা ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন। তিনি দাবি করেন, থানায় অভিযোগ দেওয়া হলেও প্রথমদিকে আটকে রাখা বাস উদ্ধার করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মহানগর বিএনপির সদস্য মাহাবুব উল্লাহ তপনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পরে ঘটনাস্থলে যান নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিবহন মালিক ও শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, মালিকদের মধ্যে একটি বিরোধের জেরে বাস চলাচল বন্ধ হয়েছিল। পরে পুলিশ ও সংশ্লিষ্টদের মধ্যস্থতায় বিষয়টির সমাধান হয় এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ