মুন্সীগঞ্জে হাসপাতালের ডাস্টবিন থেকে জীবিত নবজাতক উদ্ধার, চলছে চিকিৎসা

গভীর রাতে কান্নার শব্দ শুনে উদ্ধার করে হাসপাতালে ভর্তি; মাথায় আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেলে

by ABDUR RAHMAN
মুন্সীগঞ্জে হাসপাতালের ডাস্টবিন থেকে জীবিত নবজাতক উদ্ধার

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন-সংলগ্ন এলাকা থেকে জীবিত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। গভীর রাতে কান্নার শব্দ শুনে হাসপাতালের নার্স, কর্মচারী ও রোগীর স্বজনরা শিশুটিকে উদ্ধার করেন।

বিজ্ঞাপন
banner

সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হাসপাতালের ডাস্টবিনের পাশ থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান এক নারী কর্মচারী। পরে বিষয়টি কর্তব্যরত নার্সদের জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নুসরাত ফারজানা খান জানান, উদ্ধারের পরপরই নবজাতককে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কর্তব্যরত এক নার্স জানান, নবজাতকটির জন্ম উদ্ধারের অল্প কিছুক্ষণ আগেই হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তার জন্ম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আশপাশের কোনো ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা অন্য কোথাও জন্মের পর অজ্ঞাতপরিচয় কেউ তাকে হাসপাতালের ডাস্টবিনের পাশে ফেলে রেখে চলে যায়।

ঘটনার খবর পেয়ে রাতেই গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া ও পুলিশ প্রশাসনের সদস্যরা হাসপাতালে যান। ইউএনও নবজাতকের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন। পাশাপাশি শিশুটির পরিচয় শনাক্ত এবং তাকে ফেলে যাওয়ার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে আইনগত কার্যক্রম শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পরে চিকিৎসকদের পরামর্শে মাথায় আঘাতের বিষয়টি বিবেচনায় নিয়ে নবজাতকটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার সিটি স্ক্যান করা হয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ