অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
তিস্তা নদীর পানি আবারও ওঠানামা করছে। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ব্যারাজ ব্যবস্থাপনার কারণে নদীর প্রবাহে পরিবর্তন দেখা দিয়েছে। এতে তীরবর্তী এলাকার মানুষদের মধ্যে উদ্বেগ বেড়েছে।
লালমনিরহাটের আদিতমারীর গোবর্ধন চরের কৃষক মতিউর রহমান বলেন, উজানে বন্যা হলেই তিস্তা অববাহিকার মানুষ আতঙ্কে পড়ে যায়। গজলডোবা ব্যারাজ থেকে অতিরিক্ত পানি বাংলাদেশে প্রবাহিত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয় বলে তিনি মন্তব্য করেন।
একই এলাকার কৃষক শহীদার রহমান বলেন, নির্বাচনের আগে তিস্তা মহাপরিকল্পনার আশ্বাস দেওয়া হলেও পরে আর কোনো অগ্রগতি দেখা যায় না। দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তিনি।
তিস্তা ব্যারাজ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক নুরুল ইসলাম জানান, নদীর পানি কখনো বাড়ছে আবার কখনো কমছে। রোববার দুপুর ১২টায় ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানি ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, ৪৪টি গেট খোলা রেখে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায় বলেন, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ৭২ ঘণ্টায় তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
আর/

