রামাল্লার উত্তরে দুই মসজিদে আগুন লাগিয়ে দেয়ালে হিব্রু স্লোগান লিখে গেল ইসরায়েলিরা

পশ্চিম তীরে জিলজিলিয়া ও মাজরা আল-নুবানি গ্রামে হামলার অভিযোগ, নারীদের নামাজ কক্ষসহ মসজিদ ক্ষতিগ্রস্ত

by ABDUR RAHMAN
রামাল্লার উত্তরে দুই মসজিদে আগুন লাগিয়ে দেয়ালে হিব্রু স্লোগান লিখে গেল ইসরায়েলিরা

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহর উত্তরে অবস্থিত জিলজিলিয়া ও মাজরা আল-নুবানি গ্রামে দুইটি মসজিদে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ভোরের দিকে ইসরায়েলি বসতকারীরা এ হামলা চালায়।

বিজ্ঞাপন
banner

ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যে বলা হয়েছে, হামলাকারীরা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি দেয়ালে হিব্রু ভাষায় বিভিন্ন স্লোগান লিখে রেখে যায়।

জিলজিলিয়া গ্রামে হামলার ঘটনায় মসজিদের নারীদের নামাজের কক্ষসহ ভবনের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় সাম্প্রতিক সময়ে বসতকারীদের হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

এর আগে গত মাসেও একই গ্রামে হামলা চালিয়ে একটি ভেড়ার পাল লুট করার অভিযোগ উঠেছিল। ফলে গ্রামবাসীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে জানা গেছে।

অন্যদিকে একই সময়ে মাজরা আল-নুবানি গ্রামেও আরেকটি মসজিদে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায়ও মসজিদের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেয়ালে স্লোগান লেখা অবস্থায় পাওয়া গেছে।

স্থানীয় ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম তীরে অগ্নিসংযোগ, ভূমি দখল, কৃষকদের চলাচলে বাধা এবং অবকাঠামো ধ্বংসের মতো ঘটনা বেড়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে পশ্চিম তীরে সহিংসতায় ১,১৬৯ জন নিহত, ১২,৬৬৬ জন আহত এবং প্রায় ২৩ হাজার মানুষ আটক হয়েছেন। একই সময়ে প্রায় ৩৩ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন বলেও দাবি করা হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ