অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ শিমুল (৩৮) নামে এক যুবদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শিমুল দর্শনা পরানপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নারুল ইসলাম মাস্টারের ভাতিজা বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শিমুল জয়রামপুর এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছেন— এমন তথ্যের ভিত্তিতে দামুড়হুদা থানা পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ২৪ ইঞ্চি লম্বা দেশীয় চাপাতি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শন ও মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে শিমুল জড়িত ছিলেন।
তার কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছিল বলেও দাবি করেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তবে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ঝন্টু দাবি করেছেন, শিমুল যুবদলের সদস্য নন এবং তার কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শিমুল বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন বলে শুনেছেন, তবে এসব কর্মকাণ্ডের সঙ্গে যুবদলের কোনো সম্পৃক্ততা নেই।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, অস্ত্রবাজ, চাঁদাবাজ, ছিনতাইকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, শিমুলের বিরুদ্ধে মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আর/

