অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৯ মে) দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তিনি বলেন, শুক্রবার রাতে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি গ্রামের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুরসালিন এবং একই ইউনিয়নের মধুপুর গ্রামের নবীর হোসেন বিএসএফের গুলিতে নিহত হন।
এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়।
মিয়া গোলাম পরওয়ার নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
বিবৃতিতে তিনি অভিযোগ করেন, বিএসএফ প্রায়ই বাংলাদেশ সীমান্তে বিনা কারণে গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটাচ্ছে। ভারত সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে হত্যার ঘটনা বেড়েই চলেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যার ঘটনায় যথাযথ বিচার না হওয়ায় উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে তিনি দাবি করেন, দুর্বল কূটনৈতিক অবস্থানের কারণেই সীমান্তে এ ধরনের ঘটনা বারবার ঘটছে।
জামায়াতের এই নেতা বলেন, বাংলাদেশের জনগণ প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড বন্ধে ভারত সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তিনি মুরসালিন ও নবীর হোসেনসহ সীমান্তে নিহত সব বাংলাদেশির ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
একই সঙ্গে এ বিষয়ে কার্যকর ও প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।
আর/

