মধ্যপ্রাচ্যে নৌ উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাজ্য, মোতায়েন এইচএমএস ড্রাগন

বহুজাতিক নিরাপত্তা মিশনের প্রস্তুতি হিসেবে মোতায়েন করা হচ্ছে এইচএমএস ড্রাগন; যৌথ পরিকল্পনায় কাজ করছে যুক্তরাজ্য ও ফ্রান্স

by ABDUR RAHMAN
মধ্যপ্রাচ্যে নৌ উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাজ্য।

বিজ্ঞাপন
banner

শনিবার ব্রিটিশ সরকার জানায়, রয়্যাল নেভির বিমান প্রতিরক্ষা সক্ষমতাসম্পন্ন যুদ্ধজাহাজ ‘এইচএমএস ড্রাগন’কে এ অঞ্চলে পাঠানো হচ্ছে। পরিস্থিতি অনুকূলে এলে এটি বহুজাতিক নিরাপত্তা মিশনের অংশ হিসেবে দায়িত্ব পালন করবে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, এটি একটি পূর্ব প্রস্তুতিমূলক পদক্ষেপ। হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে অংশ নিতেই জাহাজটি মোতায়েন করা হচ্ছে।

তিনি বলেন, পরিস্থিতির দ্রুত পরিবর্তনের সম্ভাবনা বিবেচনায় রেখে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এইচএমএস ড্রাগনকে কৌশলগত অবস্থানে পাঠানো হয়েছে।

এর আগে মার্চ মাসে ইরানকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির পর জাহাজটি পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়েছিল। সেখানে এটি সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ সামরিক ঘাঁটির নিরাপত্তা সহায়তায় দায়িত্ব পালন করছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সও এরই মধ্যে একটি বিমানবাহী রণতরীর নেতৃত্বাধীন নৌবহর দক্ষিণ লোহিত সাগরে মোতায়েন করেছে। বাণিজ্যিক নৌপথে আস্থা ফিরিয়ে আনতে লন্ডন ও প্যারিস যৌথ প্রতিরক্ষামূলক পরিকল্পনায় কাজ করছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতের পরিকল্পনা বাস্তবায়নে ইরানের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন হতে পারে। ইতোমধ্যে অন্তত এক ডজন দেশ সম্ভাব্য এ বহুজাতিক উদ্যোগে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ। বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের বড় একটি অংশ এই পথ দিয়ে পরিবহন হয়। ফলে এ অঞ্চলের নিরাপত্তা আন্তর্জাতিক অর্থনীতি ও জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

সূত্র: রয়টার্স, প্রেস অ্যাসোসিয়েশন

banner

এ জাতীয় আরো সংবাদ